জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম
জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩১ জানুয়ারি ২০১৮ পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন নরকলিকাতা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
জনাব এ কে এম শহীদুল হক ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশ সুপার হিসেবে চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন।
ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম প্রবর্তক হিসেবে তিনি এই ধারণাকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে অংশীদারত্বের ভিত্তিতে অপরাধ দমন ও উদঘাটন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের বিভিন্ন জটিল সমস্যা সমাধানে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
৩১ ডিসেম্বর ২০১৪ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ জানুয়ারি ২০১৮ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। আইজিপি পদে পদোন্নতি লাভের পূর্বে তিনি সচিব পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন ও অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্মাননা ও পদক
২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের একজন মেয়র কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন।
কর্মজীবনে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হন।
এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কম্বোডিয়া, অ্যাঙ্গোলা ও সুদানে দায়িত্ব পালন করেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের জন্য জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন।
গ্রন্থসমূহ
জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম বিভিন্ন গ্রন্থের রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—
-
Police and Community with Concept of Community Policing
-
কমিউনিটি পুলিশিং কী এবং কেন
-
বাংলাদেশ পুলিশ সারগ্রন্থ
-
Community Policing Concept, Aims and Objectives
-
Bangladesh Police Hand Book
তাঁর কর্মজীবন, নেতৃত্ব, জনসম্পৃক্ত পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের প্রসারে অবদান বাংলাদেশ পুলিশের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছে।